|
প্রিন্টের সময়কালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ

পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পেছনের অংশ ও কয়েকটি সিট


পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পেছনের অংশ ও কয়েকটি সিট


পিরোজপুর প্রতিনিধি:

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির পেছনের অংশ ও ভেতরের কয়েকটি সিট পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বাসস্ট্যান্ডে পার্কিং করা অবস্থায় ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকের সিটে আগুন ধরিয়ে দেয়। পরে স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
 

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি। এ সময় থানা পুলিশের সদস্যদের পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
 

ইউএনও আতাউর রাব্বি বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬