|
প্রিন্টের সময়কালঃ ০৮ আগu ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ আগu ২০২৬ ০৭:১৪ অপরাহ্ণ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম


সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম



কুমিল্লা প্রতিনিধি:



সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আগামী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে আইন প্রণয়নে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

 

শনিবার (৮ আগস্ট) কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নবগঠিত কুমিল্লা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।
 

 

আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের কাছ থেকে ভালো সংবাদ প্রত্যাশা করা হলেও তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। গত ৫৫ বছর ধরে সাংবাদিকদের নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তাদের সুরক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি।
 

 

তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। সাংবাদিকতার অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় দ্রুত গণমাধ্যম কমিশন গঠন করে পুরো সাংবাদিকতা অঙ্গনকে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি।
 

 

দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে উল্লেখ করে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক হত্যার মতো স্পর্শকাতর মামলাগুলোরও অনেক ক্ষেত্রে যথাযথ বিচার হচ্ছে না। অনেক আসামি জামিনে বের হয়ে যাচ্ছে। স্বাধীনতার পর এ পর্যন্ত ৫৩ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের অধিকাংশ মামলার বিচার এখনো শেষ হয়নি। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনো ধরনের হেনস্তা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি খেয়াল রাখবেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি সাংবাদিকদের পাশে আছি, ইনশাআল্লাহ থাকবো।”
 

 

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলা শাখার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন মন্টি।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, নবনির্বাচিত সভাপতি এনামুল হক ফারুক, সিনিয়র সাংবাদিক সহিদুল্লাহ, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান ও দৈনিক সমাজ কণ্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী।
 

এ ছাড়া বক্তব্য দেন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জি কে রাসেল, কেন্দ্রীয় নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা সিকান্দার আলী কাবুল এবং কেন্দ্রীয় নেতা ফাতেমা আক্তার।
 

সভায় নবগঠিত কুমিল্লা জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের কার্যকরী পর্ষদ ও সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের সাংগঠনিক রূপরেখা তুলে ধরেন।
 

অনুষ্ঠানে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া ১০ সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 

পরে জেলা কমিটির সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬