বড়াইগ্রামে মাদক ব্যবসার অভিযোগে তিনজন আটক, প্রত্যেকের ৩০ দিনের কারাদণ্ড
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা-এর বনপাড়া পৌর শহরের প্রফেসর পাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা যুবদল সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, বনপাড়া পৌর কৃষকদল সভাপতি মুনতাজ শেখ ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাবুল, তার ছেলে লিমন এবং আবুল হোসেনের দুই ছেলে আশিক (২৩) ও আতিক (২০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নারীদের উত্ত্যক্ত করার অভিযোগও করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের আনাগোনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। এ নিয়ে আগে একটি আঞ্চলিক সালিশ বৈঠকে তাদের সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের সঙ্গে অভিযুক্তদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দুই ভাইকে আটক করে থানায় খবর দেয়। পরে বাবুলকেও আটক করা হয়। তবে লিমনকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬