পটিয়ার এস এ নুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হাজী কামাল উদ্দিন
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলার এস এ নুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও পটিয়া হাইওয়ে পুলিশিং কমিটির সভাপতি হাজী কামাল উদ্দিন।
গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে তাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়। আদেশটির স্মারক নম্বর চশিবো/বিদ্যা/চট্ট-দ: (পটিয়া)/১৩০৩/৯৫/(অংশ-১)/১৩০০ (৩)।
বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর ৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী অনুযায়ী প্রবিধান ৬৪-এর আওতায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে গোপাল দাশ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে শাহ আলমকে সদস্য মনোনীত করা হয়েছে। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্যসচিব করা হয়েছে।
নবনিযুক্ত সভাপতি হাজী কামাল উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এস এ নুর উচ্চ বিদ্যালয়কে পটিয়ার একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে আমি আশাবাদী।’
তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সুদৃষ্টি কামনা করেন।
হাজী কামাল উদ্দিন আরও বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা সুচারুরূপে পালন করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।’
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬