লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আশঙ্কাজনক দুই
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বধুঝিরি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এনাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াংছা বধুঝিরি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. এনাম ইয়াংছা বধুঝিরি এলাকার সাহাব উদ্দিন ও খালেদা বেগম দম্পতির ছেলে।
দুর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬