বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা প্রেস, প্রতিবেদক
চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, একাডেমিক ও গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পাঁচ দিনের সরকারি সফরে গত সোমবার চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬