অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি-পটিয়ায় সম্বর্ধনা অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় এক সম্বর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, অনলাইন জুয়ার কারণে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে তরুণদের রক্ষা করতে হলে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে পটিয়া উপজেলার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য শামশুল আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম। এছাড়া বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মঈনুল আলম ছোটন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মীর জাকের আহমদ, বিএনপি নেতা গাজী রেজাউল করিম ও আবুল বশরসহ অন্যান্যরা।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়নে সংসদ সদস্য এনামুল হক এনামের সহযোগিতা কামনা করলে তিনি সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬