পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শতবর্ষী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের পাঁচটি শ্রেণির ১৮টি ক্লাসে শিক্ষকদের সংবর্ধনা, আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল, আবদুল মোতালেব, মাহবুবুর রহমান, নুরুল আবছার, শাহনাজ বেগম ও শাহজাদী বিলকিসসহ শিক্ষকরা।
বক্তারা বলেন, শিক্ষকরাই জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। তাই শিক্ষকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। ১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও কর্মপরিবেশ নিয়ে ঐতিহাসিক সুপারিশ গ্রহণ করে। এ বছর ওই সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures.’ বাংলায় যার অর্থ, ‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া।’
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা শিক্ষার্থীদের এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬