এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আহসান হাবিব এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন। প্রশাসনিক ও কর ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি রাজস্ব প্রশাসনের পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ১৫তম বিসিএস পরীক্ষায়ও নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আহসান হাবিব। তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। রাজস্ব আদায় এবং কর-সংক্রান্ত অনিয়ম অনুসন্ধানে তার ভূমিকা প্রশাসনের নজর কাড়ে।
বর্তমানে আহসান হাবিব বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। এনবিআরের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগের মাধ্যমে দেশের রাজস্ব প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬