নেমেসিসের ২৫ বছর পূর্তি উপলক্ষে কনসার্ট, মঞ্চে থাকছেন পুরোনো সদস্য ও অতিথিশিল্পীরা
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস সংগীতজীবনের ২৫ বছর পূর্তি উদযাপন করতে আয়োজন করেছে বিশেষ একক কনসার্ট। ‘এত দিনের পরেও যে’ শিরোনামের এই আয়োজন আগামী ২২ মে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে। কনসার্টে ব্যান্ডটির বর্তমান সদস্যদের পাশাপাশি অংশ নেবেন সাবেক সদস্য ও কয়েকজন অতিথিশিল্পীও।
দীর্ঘ এই সংগীতযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেমেসিস সদস্যরা। তাদের ভাষ্য, একটি ব্যান্ডের জন্য টানা ২৫ বছর শ্রোতাদের ভালোবাসা ধরে রাখা নিঃসন্দেহে গর্বের বিষয়। সময়ের পরিবর্তনের মধ্যেও শ্রোতাদের আগ্রহ ও প্রত্যাশা অটুট থাকায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, কনসার্টে শুধু গানই নয়, নেমেসিসের দীর্ঘ পথচলার নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথাও তুলে ধরা হবে। পরিবেশনার ফাঁকে ফাঁকে ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর পেছনের গল্প শোনাবেন সদস্যরা। ২৫ বছরের সংগীতযাত্রার বিভিন্ন ধাপকে গানে গানে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে তাদের।
কনসার্টটিকে স্মরণীয় করে তুলতে বিশেষভাবে যুক্ত হচ্ছেন নেমেসিসের সাবেক সদস্যরা। পাশাপাশি অতিথিশিল্পীদের পরিবেশনাও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন ব্যান্ডসংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ১৯৯৯ সালে কয়েকজন কলেজপড়ুয়া তরুণের উদ্যোগে ব্যান্ডটির যাত্রার প্রস্তুতি শুরু হয়। পরের বছর ‘নেমেসিস’ নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। ব্যতিক্রমধর্মী রক সংগীতের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি গড়ে তোলে তারা। ২০০৫ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ দিয়েই শ্রোতাদের নজর কাড়ে নেমেসিস। এরপর একে একে প্রকাশ পায় ‘তৃতীয় যাত্রা’, ‘গণজোয়ার’ ও ‘ভিআইপি’ অ্যালবাম। এছাড়াও বিভিন্ন মিক্সড অ্যালবামে গান প্রকাশ করে ব্যান্ডটি শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬