|
প্রিন্টের সময়কালঃ ১৭ মে ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মে ২০২৬ ০১:৩৯ অপরাহ্ণ

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট


ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট


হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

 

রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন।

 

রিটে দাবি করা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

 

এছাড়া ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও রিটে বিবাদী করা হয়েছে।

 

এর আগে একই বিষয়ে আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো সাড়া না পাওয়ায় তিনি এই রিট দায়ের করেন। আদালতের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠবে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬