৭ দফা দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
ঢাকা প্রতিনিধি:
বকেয়া বেতন, অর্জিত ছুটির অর্থসহ ৭ দফা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সংযোগ সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শত শত শ্রমিক মহাখালী-তেজগাঁও সংযোগ সড়কের ওপর অবস্থান নেন। আকস্মিক এ অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের ন্যায্য পাওনা পরিশোধ ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নেমেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— চলতি বছরের মে মাসের বকেয়া বেতন পরিশোধ, ২০২৫ সালের অর্জিত ছুটির অর্থ প্রদান, ডিসেম্বর ২০২৫-এর বকেয়া এরিয়া বিল পরিশোধ, নোটিশ পে-বিল প্রদান, শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাসের (১২০ দিনের) বেতন-ভাতা অগ্রিম পরিশোধ, সকল শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধ এবং পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকা।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল ১০টার পর নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও-মহাখালী সড়কের লাভ রোড সংলগ্ন এলাকায় অবস্থান নেন। তাদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানালেও দুপুর ১২টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
শ্রমিকদের আন্দোলনের কারণে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয় এবং বিকল্প সড়কগুলোতেও চাপ বেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬