হরমুজ সংকট নিয়ে মঙ্গলবার দোহায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে আলোচনার পথে এগোতে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ প্রেক্ষাপটে আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ওয়াশিংটন আপাতত সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল সংক্রান্ত শর্তের ভিন্ন ব্যাখ্যা থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার জেরে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সমঝোতার শর্ত পূরণে যুক্তরাষ্ট্র ব্যর্থ হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। তিনি বলেন, প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ছাড়া আলোচনায় কার্যকর অগ্রগতি সম্ভব নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব একমাত্র ইরানের। এ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে দেখা হবে বলেও তিনি সতর্ক করেন।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং ‘শিশুহত্যার’ অভিযোগ এনে তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬