তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক, কুণালের কটাক্ষ ‘বিশ্বাসঘাতক’
বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
কোয়েল মল্লিকের দলবদলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলের নেতা ও মুখপাত্র কুণাল ঘোষ অভিনেত্রীকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সময়ে সুবিধা নেওয়ার পর বিজেপিতে যোগ দিয়ে কোয়েল ও তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক নিজেদের মর্যাদার প্রতি সুবিচার করেননি।
এর আগে তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন কোয়েল। পরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। এবার বিজেপির প্রার্থী হিসেবে একই আসনে উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এই অভিনেত্রী।
রোববার রাজ্যসভা উপনির্বাচনের জন্য কোয়েল মল্লিককে প্রার্থী ঘোষণা করে বিজেপি। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর।
বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল বলেন, মানুষের কল্যাণ ও সেবায় কাজ করার সুযোগ পেলে তিনি তা কাজে লাগাতে চান। রাজনীতির মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
কোয়েলের দলবদল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিকে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। চিকিৎসক, ক্রীড়াবিদ, সংগীতশিল্পী ও চলচ্চিত্রশিল্পীদের জনপ্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়েছে। তবে কয়েকজনের দলবদলের অভিজ্ঞতা ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলকে আরও সতর্ক করবে বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলের প্রার্থিতা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় যাওয়ার নজিরও রয়েছে। ফলে কোয়েলের ক্ষেত্রেও সেই ধারাবাহিকতার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে প্রায় আড়াই দশক ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’ ও ‘মন মানে না’সহ বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এছাড়া ‘মিতিন মাসি’ সিরিজে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬