মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ‘স্যার-ম্যাডাম’ সম্বোধনের নির্দেশনা, উঠল প্রশ্ন
এন এ মুরাদ, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে চিকিৎসকদের সম্বোধনের বিষয়ে একটি লিখিত নির্দেশনা টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে, “কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।” এ নির্দেশনা ঘিরে রোগী ও স্বজনদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের অভিযোগ, চিকিৎসকদের ‘ভাই’ বা ‘আপা’ বলে সম্বোধন করলে অনেক সময় তারা অসন্তোষ প্রকাশ করেন। এতে চিকিৎসা নিতে এসে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগীদের।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম বলেন, “আমরা গ্রামের মানুষ। মহিলাদের আপা আর পুরুষদের ভাই বলেই অভ্যস্ত। এখানে ডাক্তারদের ভাই কিংবা আপা বললে তারা রেগে যান। এতে চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হয়।”
স্থানীয় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আঞ্চলিক ভাষা ও প্রচলিত সামাজিক রীতির কারণে অনেকেই চিকিৎসকদের ‘ভাই’ বা ‘আপা’ বলে সম্বোধন করেন। এতে অসম্মান করার কোনো উদ্দেশ্য থাকে না বলেও জানান তারা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, “আমিও একবার একজন নারী চিকিৎসককে ‘আপা’ বলে সম্বোধন করেছিলাম। এতে তিনি রাগান্বিত হন এবং পরবর্তীতে ‘ম্যাডাম’ অথবা ‘স্যার’ বলে সম্বোধন করতে বলেন।”
এদিকে জরুরি বিভাগের সামনে চিকিৎসকদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ ছাড়া অন্য কোনো সম্বোধন না করার নির্দেশনা টাঙানোয় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। রোগী ও স্বজনদের মতে, চিকিৎসকদের প্রতি সম্মান বজায় রাখার পাশাপাশি হাসপাতালকে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ বলেন, রোগীদের চিকিৎসকদের ‘স্যার-ম্যাডাম’ বলতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের দরজায় টাঙানো নির্দেশনাটির বিষয়টি তাঁর নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণ করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের এমন অবস্থানের পর চিকিৎসক ও রোগীদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় রোগী ও স্বজনদের।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬