|
প্রিন্টের সময়কালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৬:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৫:১২ অপরাহ্ণ

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


সীমান্তের ওপারে কে কী করছে, তা বাংলাদেশের দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা চালানোর সুযোগ পাবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গোপালগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে হাসপাতালে যান তিনি।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের হুমকি দিচ্ছে, তাদের বিষয়ে সরকার সতর্ক রয়েছে। দেশের দু-একটি স্থানে ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিলের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনা খুবই সীমিত।
 

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি।
 

দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
 

সাম্প্রতিক সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকেই ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং কারও কারও জন্য বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
 

আহত সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। এ জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগদানের সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে তারা অত্যন্ত ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।
 

শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ে বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। কোনো শ্রমিক আহত হননি, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেনি। এ ধরনের দায়িত্বশীল ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
 

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা বিবেচনায় রেখেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।
 

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট এবং তারা এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শ্রমিকেরাও শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়ানোর অসৎ চেষ্টা করছেন। তাদের এ অপচেষ্টা সফল হবে না।
 

এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬