বিকেলে দেশে পৌঁছাবে কারিনা কায়সারের মরদেহ, দাফন মুন্সীগঞ্জে
বিনোদন প্রতিবেদক
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মরদেহ আজ রোববার ভারত থেকে দেশে আনা হচ্ছে। বিকেল পাঁচটার দিকে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা জানিয়েছেন তাঁর বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পৌঁছানোর পর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাঁকে দাফন করা হবে।
লিভারজনিত জটিলতায় বেশ কয়েক দিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের Christian Medical College হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
চিকিৎসকদের সূত্রে জানা যায়, শুরুতে তাঁর ফুসফুসের চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে গত শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।
পরিবার জানায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সামাজিক মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয়তা পান কারিনা কায়সার। পরে ওটিটি প্ল্যাটফর্ম ও নাট্যাঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬