পটিয়ায় হযরত আওয়াল শাহ্ (রহ.)-এর ওরশ ও ডা. খায়রুল বশর আমির ভাণ্ডারীর খোশরোজ শরীফ অনুষ্ঠিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেংগাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হযরত আওয়াল শাহ্ (রহ.)-এর পবিত্র ওরশ শরীফ এবং তাঁর মুর্শিদ ডা. ছৈয়দ খায়রুল বশর শাহ্ আমির ভাণ্ডারীর খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার রাতে হযরত আওয়াল শাহ্ (রহ.) খেদমত পরিষদের উদ্যোগে এ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ছেমা মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশবরেণ্য আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর কর্মকর্তা লায়ন একেএম সালাহউদ্দিন এমজেএফ। প্রধান ওয়ায়েজিন ছিলেন বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুহাম্মদ ফাহিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসাইন হিরু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের উপকর কর্মকর্তা মোরশেদুল আলম ও বিশিষ্ট সমাজহিতৈষী মুহাম্মদ এরশাদুল আলম। বিশেষ ওয়ায়েজিন হিসেবে তকরীর পেশ করেন মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ আল-কাদেরী। বিশেষ অতিথি ছিলেন শাহ আমিরুজ্জামান (রহ.) স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আউলিয়া কেরাম তাঁদের জীবনাদর্শ, আধ্যাত্মিক সাধনা, মানবপ্রেম ও সৃষ্টির প্রতি ভালোবাসার মাধ্যমে মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার শিক্ষা দিয়েছেন। তাঁদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। ধর্মীয় মাহফিল ও ওরশ শরীফ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা এবং আত্মশুদ্ধির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথি লায়ন একেএম সালাহউদ্দিন এমজেএফ বলেন, আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হতে হবে। তাঁদের শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মানবকল্যাণ, সত্যনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।
প্রধান ওয়ায়েজিন সৈয়দ মুহাম্মদ ফাহিম তাঁর বক্তব্যে আউলিয়া কেরামের আধ্যাত্মিক জীবন, শিক্ষা ও তরিকার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান বক্তা ডা. শাখাওয়াত হোসাইন হিরু ধর্মীয় মূল্যবোধ, মানবিক চেতনা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশেষ ওয়ায়েজিন মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ আল-কাদেরী ইসলামের শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বের শিক্ষা তুলে ধরেন।
এ ছাড়া অন্যান্য বক্তা হযরত আওয়াল শাহ্ (রহ.)-এর স্মৃতিচারণ করেন এবং তাঁর আধ্যাত্মিক আদর্শ, জীবনদর্শন ও মানবকল্যাণমূলক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পবিত্র মিলাদ, কিয়াম, নাতে রাসুল (সা.) পরিবেশন ও ছেমা মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে। সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬