গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখাল পুলিশ
ঢাকা প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়ামের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এ মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার গভীর রাতে মরিয়ামের বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে মরিয়ামের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে তারা ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে যায়। পরে রাত ১০টার দিকে একটি কক্ষের দরজা ভেঙে মরিয়ামের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার সময় এমপি গাজী নজরুল ইসলাম বাসায় ছিলেন। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাকে ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে হেফাজতে নেয়। মরিয়ামের বাবার করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলায় মরিয়ামের মামা ওবায়দুর রহমানকে তৃতীয় আসামি করা হয়েছে।
মরিয়ামের মৃত্যুর আগে গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রীকে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম মরিয়ামকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকছুদা বেগমের সম্মতিতে মরিয়ামকে বিয়ে করেন।
ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়ামের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলের অভিযোগ করেন। অন্যদিকে ওবায়দুর রহমান গত ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান।
ভিডিওকাণ্ডের পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার ওই হত্যাচেষ্টা মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের জামিননামা ঢাকার আদালতে দাখিল করেন গাজী নজরুল ইসলাম। এর কয়েক ঘণ্টা পরই ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ামের লাশ উদ্ধার করা হয়।
মরিয়ামের মৃত্যুর ঘটনায় করা মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬