ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
ঢাকা প্রেস, প্রতিবেদক
সারাদেশে হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ তার উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট দায়ের করেন।
রিটে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়।
এ মামলায় মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল হামের টিকা বেসরকারি খাতে হস্তান্তরের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানান রিটকারী আইনজীবী।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতির জন্য টিকাদান ব্যবস্থাপনায় গৃহীত সিদ্ধান্ত দায়ী।
রিটে যাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, সাখাওয়াত হোসেন, মোস্তফা সরয়ার ফারুকীসহ সাবেক উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬