|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুলাই ২০২৬ ০৯:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০৭:০১ অপরাহ্ণ

শুটিং সেটে শুরু প্রেম, ১৫ বছরের দাম্পত্যের ইতি টানলেন আদীনাথ-উর্মিলা


শুটিং সেটে শুরু প্রেম, ১৫ বছরের দাম্পত্যের ইতি টানলেন আদীনাথ-উর্মিলা


বিনোদন ডেস্ক

 

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আদীনাথ কোঠারে ও অভিনেত্রী উর্মিলা কানেটকর। বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা।
 

যৌথ বিবৃতিতে এই তারকা দম্পতি জানান, পারস্পরিক সম্মতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাম্পত্যের ইতি ঘটলেও তাদের একমাত্র কন্যা জিজাহর প্রতি দায়িত্ব ও ভালোবাসায় কোনো পরিবর্তন আসবে না।
 

বিবৃতিতে তারা বলেন, অনেক ভাবনা-চিন্তার পর জীবনসঙ্গী হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে মেয়ের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা যৌথভাবে অভিভাবকত্ব (কো-প্যারেন্টিং) চালিয়ে যাবেন, যাতে জিজাহ ভালোবাসা, নিরাপত্তা ও যত্নের পরিবেশে বেড়ে উঠতে পারে।
 

আদীনাথ ও উর্মিলা আরও জানান, একে অপরের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। একসঙ্গে কাটানো সময়ের জন্য তারা কৃতজ্ঞ এবং ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ভবিষ্যতেও ভালোবাসা ও শুভকামনা প্রত্যাশা করেন।
 

একই সঙ্গে গণমাধ্যম ও ভক্তদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তারা বলেন, এ বিষয়ে এটিই তাদের একমাত্র আনুষ্ঠানিক বক্তব্য এবং ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবেন না।
 

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্র শুভ মঙ্গল সাভধান-এর শুটিং সেটে আদীনাথ কোঠারে ও উর্মিলা কানেটকরের পরিচয় এবং প্রেমের সূচনা হয়। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা, বর্ষীয়ান নির্মাতা মহেশ কোঠারে। একই চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল উর্মিলার।
 

প্রেমের পরিণতিতে ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৮ সালে জন্ম নেয় তাদের কন্যা জিজাহ।
 

উর্মিলা কানেটকর মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। দুনিয়াদারি, মালা আই ভহায়চ্যতি সদ্ধ্যা কায় করতেসহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি হিন্দি ও তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন।
 

অন্যদিকে আদীনাথ কোঠারে মারাঠি ও হিন্দি চলচ্চিত্র অঙ্গনের পরিচিত অভিনেতা ও নির্মাতা। চন্দ্রমুখী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পানি এবং হিন্দি সিনেমা ৮৩-এ ক্রিকেটার দিলীপ ভেংসরকারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। বর্তমানে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ-এ ভরত চরিত্রে অভিনয় করছেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬