|
প্রিন্টের সময়কালঃ ৩১ আগu ২০২৬ ০৮:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ আগu ২০২৬ ০৯:১৩ অপরাহ্ণ

মাধবদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ


মাধবদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ


মোস্তফা মিয়া, নরসিংদী:

 

নরসিংদীর মাধবদীতে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই দিন নরসিংদী জেলা কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের জন্য বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
 

রোববার (৩০ আগস্ট) মাধবদীর বিভিন্ন এলাকার বাসিন্দারা বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে বিক্ষুব্ধ জনতা মাধবদী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে তাদের দাবি জানান।
 

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে মাধবদীর বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য, কলকারখানা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
 

মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।

 

 

জেলা কারাগারে বন্দীদের জন্য উপকরণ বিতরণ

এদিকে নরসিংদী জেলা কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের লক্ষ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
 

রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
 

এ সময় বন্দীদের জন্য চারটি টেলিভিশন, হারমোনিয়াম ও তবলা এবং মহিলা বন্দীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়। কারাগারে থাকা শিশুদের জন্যও বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বিতরণ করা হয়।
 

উপকরণ বিতরণের সময় বন্দীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি হওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল।
 

এ ছাড়া কারাগারের প্রফেশন অফিসার, সহকারী সার্জন, জেলার হুমায়ুন কবির, ডেপুটি জেলারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

বক্তারা বলেন, কারাগারে থাকা ব্যক্তিদের শুধু শাস্তি দেওয়া নয়, বরং সংশোধন, মানসিক বিকাশ, দক্ষতা অর্জন এবং সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলাও আধুনিক কারা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬