চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ও অসহনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন তারা।
শিক্ষার্থীরা জানান, বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলছে। এ সময় দিন-রাত অনিয়মিত ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কাঙ্ক্ষিত ফলাফল নিয়েও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, লোডশেডিংয়ের কারণে জেলা শহর ও গ্রামাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—পলিটেকনিক ইনস্টিটিউট ও আশপাশের এলাকায় অতিরিক্ত ও অপ্রত্যাশিত লোডশেডিং বন্ধ করা, পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি দেওয়া।
বিশেষ করে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি বারঘরিয়া, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ এবং প্রতিষ্ঠানটির বিদ্যুৎ ব্যবস্থা পিডিবি বা নেসকোর আওতাভুক্ত করার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী ও আব্দুর রহিম বক্তব্য দেন। তারা বলেন, পরীক্ষা চলাকালে ঘন ঘন লোডশেডিং শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬