|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৬ ০১:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ণ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ও হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ও হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

 

চট্টগ্রামে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে তিন মাস মেয়াদি হাসপাতাল ইন্টার্নশিপ বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

 

চুক্তির আওতায় কেয়ারগিভিং কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা সরাসরি হাসপাতালের বাস্তব কর্মপরিবেশে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা রোগীসেবা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতার ওপর বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

তাদের মতে, এই উদ্যোগ দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য স্বাস্থ্য খাতে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ কেয়ারগিভার গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানান, বর্তমানে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষিত কেয়ারগিভারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও হাসপাতালভিত্তিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সহায়তা করবে।

 

তারা আরও বলেন, এভারকেয়ার হসপিটালের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পেশাগত অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে দেশ-বিদেশে কর্মসংস্থানের পথ সুগম করবে।

 

স্বাস্থ্য খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার সমীর সিং, জিএম (অপারেশনস) নাজমুল হোসেন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইমরানুল হক, ফাইন্যান্স কন্ট্রোলার মো. মুজাহিদুল ইসলাম, পরিচালক (নার্সিং সার্ভিসেস) পল্লবী অশোকে কালে এবং এইচআরবিপি ও এলঅ্যান্ডডি ম্যানেজার মো. আলী।

 

অন্যদিকে হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সিইও উজ্জ্বল হোসাইন এবং চট্টগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার মিটন দাশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬