|
প্রিন্টের সময়কালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে মাদক কারবারীদের মামলায়,মাদকবিরোধী কমিটির ৬ যুবক জেল হাজতে 


সীতাকুণ্ডে মাদক কারবারীদের মামলায়,মাদকবিরোধী কমিটির ৬ যুবক জেল হাজতে 


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি
 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত ছয় যুবককে একটি মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের দায়ের করা মামলায় তাদের হয়রানি করা হয়েছে।
 

কারাগারে যাওয়া ছয়জন হলেন—মো. আহসান হাবিব, মো. সায়েম, ফসিউদ্দিন নিজামী, মো. নূরউদ্দিন, মো. হাসান ও মো. শহীদ। তারা সবাই উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামের বাসিন্দা।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, কদমরসুল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সচেতন কয়েকজন যুবক মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি কমিটি গঠন করেন। পরে ওই কমিটির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
 

কমিটির সদস্যরা এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রশাসনকে তথ্য দেওয়ার উদ্যোগ নেন। তাদের দাবি, এরপর থেকেই স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী কমিটির সদস্যদের হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন।
 

এর ধারাবাহিকতায় ওই ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। মামলার প্রতিবাদে গত বুধবার স্থানীয়রা মানববন্ধনও করেন।
 

পরে মামলায় জামিন নিতে ছয়জন চট্টগ্রামের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ব্যক্তিরাই যদি মামলার শিকার হন, তাহলে মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিরুৎসাহিত হতে পারে।
 

এলাকাবাসী জানান, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন ও সভা-সমাবেশ হচ্ছে। সম্প্রতি উপজেলার সৈয়দপুর ইউনিয়নে আয়োজিত একটি বড় মাদকবিরোধী সমাবেশে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিলেন।
 

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, প্রশাসন যখন মাদক নির্মূলে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে, তখন মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া সচেতন নাগরিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগ উঠলে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।
 

তিনি বলেন, মাদক নির্মূল করতে হলে মাদক ব্যবসায়ী ও মাদকের উৎসের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬