আবারও জ্বালানির মূল্যবৃদ্ধিতে জামায়াতের গভীর উদ্বেগ ও প্রতিবাদ
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত মাসে এক দফায় জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বৃদ্ধি করার পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কেবল গত মাসেই জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি; বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় জনগণের ওপর এটি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। সরকার যেখানে আশ্বস্ত করেছিল যে, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না, সেখানে পুনরায় মূল্যবৃদ্ধি জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি।
তিনি বলেন, বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে যদি পুনরায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তবে তা হবে একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ ও সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। প্রিয় দেশবাসীকে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতন হওয়ার এবং কথা বলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সবসময় আপনাদের পাশে আছি। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬