|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৬ ০৭:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৬:০৬ অপরাহ্ণ

উত্তরখানে পরিদর্শনে গিয়ে হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য


উত্তরখানে পরিদর্শনে গিয়ে হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য


নিজস্ব প্রতিবেদক, ঢাকা:


 

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ডিএনসিসি।
 

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এলাকায় অবস্থিত একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
 

ডিএনসিসির দাবি, এর আগে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নেপচুন অ্যাকসেসরিজ গার্মেন্টসের সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলা চালায়। পরিদর্শনের সময় পরিচ্ছন্নতাকর্মী ও গার্মেন্টস কর্তৃপক্ষের প্রতিনিধিদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং সেখানে উপস্থিত অবস্থায় ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
 

এ ঘটনায় কয়েকজন আহত হন। ডিএনসিসির তথ্য অনুযায়ী, পুলিশ কারখানার মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় অভিযানও পরিচালনা করে।
 

পরবর্তীতে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এর আগে একই দিন সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর প্রাথমিক হামলায় ১৫ থেকে ২০ জন আহত হন বলে ডিএনসিসি জানিয়েছে। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬