|
প্রিন্টের সময়কালঃ ২০ জুন ২০২৬ ০৮:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ০৫:১৮ অপরাহ্ণ

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২৩ জুন সারাদেশে সতর্ক থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী


নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২৩ জুন সারাদেশে সতর্ক থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী


ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুন (মঙ্গলবার) সারাদেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এ কারণে জনগণের জানমাল রক্ষায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
 

তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিনের সময়সীমা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত, অনুবাদ ও কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠাতে সক্ষম হয়েছে।
 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত ১২ জুন আবুধাবির ফেডারেল এনসিবি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশকে জানায় যে, দেশের অনুরোধে জারি করা রেড নোটিশের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর প্রয়োজনীয় নথি দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হলে সরকার স্বল্প সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
 

তিনি দাবি করেন, বর্তমান সরকারের প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্ত বাস্তবায়নের গতি অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুততর।
 

এর আগে অনুষ্ঠানে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি পৃথক ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬