|
প্রিন্টের সময়কালঃ ২৬ মার্চ ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ণ

ইনসাফভিত্তিক ও কর্মমুখর বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির


ইনসাফভিত্তিক ও কর্মমুখর বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ বিনির্মাণে দল-মত-পথ নির্বিশেষে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মো. সাহাবুদ্দিন।

 

বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

 

বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা জাতি হিসেবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন। তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের। পাশাপাশি তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন, জাতীয় নেতা, সংগঠক ও সর্বস্তরের জনগণকে, যাঁদের অবদানে অর্জিত হয়েছে স্বাধীনতা।

 

রাষ্ট্রপতি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা নিশ্চিত করা এবং জনগণের ক্ষমতায়ন সুসংহত করা।

 

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাকে তিনি সবার পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

 

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও জ্বালানি পরিস্থিতির বিরূপ প্রভাব দেশের ওপর পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেমকে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬