|
প্রিন্টের সময়কালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ

৬ জেলায় বাস, জিপ ও দোকানে আগুন, রাজধানীতে ককটেল বিস্ফোরণ


৬ জেলায় বাস, জিপ ও দোকানে আগুন, রাজধানীতে ককটেল বিস্ফোরণ


২৪ ঘণ্টায় ঢাকায় ৫১৭ জনসহ বিভিন্ন জেলায় গ্রেপ্তার, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

ঢাকা প্রেস নিউজ ডেস্ক

 

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও নাশকতার ঘটনা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীসহ ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরও চার জেলায় ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে।
 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই দিন রাজধানীর ধানমন্ডি, ওয়ারী, হাতিরপুল ও মিরপুর-১০ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ছয় জেলায় পাঁচটি বাস, একটি জিপ ও একটি দোকানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
 

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১৯ দিনে দেশের বিভিন্ন এলাকায় ৯২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ সময়ে সারাদেশের ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ৪৬টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
 

অন্যদিকে বুধবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত ৪৮ ঘণ্টায় আরও নয়টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ৭ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ২১ দিনে ১০১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে আগামী ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ ছাড়া ডিসেম্বরকে ঘিরে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারগুলোতেও বাড়ানো হয়েছে সতর্কতা।
 

দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
 

পুলিশ সদরদপ্তরের মুখপাত্র কামারুম মনিরা সমকালকে বলেন, ডিসেম্বর মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
 

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
 

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গতকাল রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।
 

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
 

রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বরে শাহআলী প্লাজার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, চলন্ত মোটরসাইকেল থেকে ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 

ছয় জেলায় বাস, জিপ ও দোকানে অগ্নিসংযোগ

গত ২৪ ঘণ্টায় ছয় জেলায় পাঁচটি বাস, একটি জিপ ও একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
 

রাজশাহী নগরের শাহ মখদুম থানার দরগা খানকা শরিফ মোড় এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজ্জাকের গ্যারেজে এ ঘটনা ঘটে। শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেন, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করা যায়নি।
 

ঢাকার পল্লবীতে গতকাল রাত ১১টার দিকে কালশী মোড়ে সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ৭ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিট দুটি পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
 

এদিকে সাভারের জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি বাসে গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে আগুন নেভায়। এতে বাসটির ভেতরের অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকায় গতকাল রাত পৌনে ১০টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।
 

পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্ক করে রাখা একটি পরিত্যক্ত জিপে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, কারা এ আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
 

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পৌরসভার উচুটিয়া এলাকায় গতকাল ভোরে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
 

অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে একটি মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১টার পর এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
 

দুই জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কার্যালয়ের জানালা ও সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হলে নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। একই এলাকায় একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

এদিকে বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের সানুহার কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন কার্যালয়ে এ হামলা চালানো হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার অন্যান্য গ্রামীণ ব্যাংক কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

আশুলিয়ায় পাঁচটি ককটেল উদ্ধার

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
 

এসআরবি জানায়, নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এগুলো সেখানে রেখেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
 

চট্টগ্রামে ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল জুমার নামাজের পর তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে।
 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

এদিকে গত বৃহস্পতিবার রাতে শাহ আমানত মাজারের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর জানান, ককটেলটি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা উদ্ধার করে নিয়ে গেছেন।
 

রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ১১

রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহিদুজ্জামান।
 

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বৃহস্পতিবার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করে।
 

অন্যদিকে নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পশ্চিম বালুভরা গ্রামের আশরাফ শেখ এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্বি শেখ। বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে গতকাল সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

কুমিল্লায় ৭২ ঘণ্টায় গ্রেপ্তার ৩২৯, আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মী

কুমিল্লায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মী ও সমর্থক রয়েছেন।
 

এ ছাড়া আটকের পর অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
 

জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বেলা সোয়া ১১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
 

গ্রেপ্তার করলে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহির বিরুদ্ধে।
 

গতকাল সন্ধ্যায় ওসির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
 

ফেনীর ১৭ বিজিবি ক্যাম্পে জনবল বৃদ্ধি

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার সীমান্তবর্তী ১৭টি বর্ডার আউটপোস্টে (বিওপি) বিজিবির জনবল বাড়ানো হয়েছে।
 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, প্রতিটি ক্যাম্পে প্রায় দুই প্লাটুন করে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত টহল ও গোয়েন্দা নজরদারি চলছে। গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতিও চলছে।
 

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

পঞ্চগড়ের প্রায় ১৩৬ কিলোমিটার দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় গত ২৬ নভেম্বর থেকে বিশেষ নজরদারি শুরু করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
 

সীমান্তে দিন-রাত টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও অল-টেরেইন ভেহিক্যাল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও সভার আয়োজনও করা হচ্ছে।
 

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
 

প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতারা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬