|
প্রিন্টের সময়কালঃ ২০ জুন ২০২৬ ১০:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ণ

শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সে স্বচ্ছতা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন


শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সে স্বচ্ছতা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন


সিলেট ব্যুরো

 

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দান বাক্স ও দানের ডেগের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।
 

এর আগে কয়েকশ বছরের পুরোনো রেওয়াজ ভেঙে মাজারের ঐতিহ্যবাহী বড় ডেগ ও কয়েকটি দানবাক্স সিলগালা করা হয়। পরে দান সংগ্রহ কার্যক্রমে শৃঙ্খলা ও নজরদারি বাড়াতে সেখানে আনসার সদস্য মোতায়েন করা হয়।
 

আজ শনিবার বিকেলে ওয়াকফ এস্টেটের সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের নির্দেশনায় মাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা প্রশাসক জানান, দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 

তিনি বলেন, “এটি জনগণের অর্থ। দান কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে।” তিনি আরও জানান, নির্দিষ্ট সময় অনুযায়ী দানবাক্স খোলা হবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
 

গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি বড় দান ডেগসহ কয়েকটি ছোট দানবাক্স সিলগালা করা হয়। এ ঘটনাকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানালেও অন্য পক্ষ এটিকে মাজারের ঐতিহ্যে হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
 

এদিকে সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করে জেলা প্রশাসক সারওয়ার আলম আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি মাজার এলাকায় মাদকসেবন ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬