দুই যুগের অভিনয়জীবনেও সিনেমায় দেখা যায়নি সুমাইয়া শিমুকে, অবশেষে বড় পর্দায় অভিষেক
বিনোদন প্রতিবেদক
দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়জগতে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। টেলিভিশন নাটকে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা ও পরিচিতি পেয়েছেন তিনি। দীর্ঘ এই অভিনয়জীবনে বহুবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও নানা কারণে বড় পর্দায় কাজ করা হয়ে ওঠেনি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
কাজী আসাদ পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘যাত্রা বিরতি’। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সুমাইয়া শিমু। তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে টেলিভিশন নাটকে একসঙ্গে বহু কাজ করেছেন তাঁরা।
সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের জন্য অনেক কাজ করেছেন তিনি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগও পেয়েছেন। তবে সিনেমায় কাজ করা হয়নি। এর আগে বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও কখনো গল্প, আবার কখনো অন্য কারণে সেগুলোতে যুক্ত হওয়া সম্ভব হয়নি।
‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য হাতে পাওয়ার পর তাঁর মনে হয়েছে, এই গল্পের সঙ্গে যুক্ত হওয়া যায়। গল্পটি পড়েই ভালো লেগেছে, পাশাপাশি নিজের চরিত্রটিও পছন্দ হয়েছে। এ কারণেই এবার আর প্রস্তাব ফিরিয়ে দেননি তিনি।
দীর্ঘদিন পর সিনেমায় অভিনয়ে রাজি হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, কাজ নির্বাচনের ক্ষেত্রে তাঁর কাছে গল্পই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু অভিনয়ের প্রস্তাব পেলেই কোনো কাজে যুক্ত হতে চান না তিনি। বরং গল্পটি তাঁকে কতটা আকৃষ্ট করছে এবং সেখানে অভিনয়ের সুযোগ কতটুকু রয়েছে, সেসব বিষয় বিবেচনা করেন।
সুমাইয়া শিমুর ভাষ্য, ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য পড়েই তাঁর মনে হয়েছে, গল্পটি দর্শকের কাছে পৌঁছানো প্রয়োজন। সিনেমার গল্প ও চরিত্র—দুটিই তাঁকে আকৃষ্ট করেছে। তাই দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বরিশালে অবস্থান করছেন সুমাইয়া শিমু। গত ১৯ নভেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত বরিশাল শহরে কয়েক দিন শুটিংয়ের পর পুরো ইউনিটের কুয়াকাটায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। এরপর আগামী মাসে ঢাকায় ফিরবেন অভিনেত্রী।
‘যাত্রা বিরতি’তে নিজের চরিত্র সম্পর্কে সুমাইয়া শিমু বলেন, তাঁর অভিনীত চরিত্রটি খুবই সাধারণ একজন মানুষের। আমাদের চারপাশে কিংবা প্রতিটি পরিবারেই এমন মানুষের দেখা মেলে। চরিত্রটির সঙ্গে দর্শক সহজেই নিজেদের পরিচিত মানুষের মিল খুঁজে পাবেন বলে মনে করেন তিনি।
অভিনেত্রীর মতে, সিনেমাটি দেখতে গিয়ে অনেক দর্শকের মনে হতে পারে, এমন একজন মানুষকে তাঁরা চেনেন কিংবা তাঁদের নিজেদের পরিবারেও এমন কেউ রয়েছেন। পরিচিত ও সাধারণ একটি মানুষকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার ক্ষেত্রে আলাদা দায়িত্ব রয়েছে। সেই মানুষের আচরণ, অনুভূতি ও জীবনযাপনের ধরন যথাযথভাবে ফুটিয়ে তোলাই তাঁর কাছে চরিত্রটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটকে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা সুমাইয়া শিমুর বড় পর্দায় এই নতুন যাত্রা নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। এখন অপেক্ষা ‘যাত্রা বিরতি’ সিনেমায় তাঁর অভিনয় দেখার।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬