|
প্রিন্টের সময়কালঃ ৩০ জুলাই ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৬ ০২:২৭ অপরাহ্ণ

কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী


কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী


ঢাকা প্রতিনিধি

 

ঢাকা, ৩০ জুলাই: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত হবে।
 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইমপ্রেস টেলিফিল্মের উদ্যোগে দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশার জীবনসংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। তিনি বলেন, মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে একজন শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল পদেও অধিষ্ঠিত হতে পারে।
 

তিনি আরও বলেন, আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে যে দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। তবে আয়েশার সাফল্য যেন ব্যতিক্রমী ঘটনা হয়ে না থাকে, বরং দেশের প্রতিটি শিশু যেন নিজ নিজ সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
 

ববি হাজ্জাজ বলেন, শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশে পরিবার, বিদ্যালয়, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
 

তিনি জানান, অনুষ্ঠানে এসে তিনি জানতে পারেন যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই নিয়োগ মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেজগাঁও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬