৪ মাসের শিশুকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে চার মাস বয়সী এক শিশুকে ঘরের বেড়া কেটে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার আপন মামার বিরুদ্ধে। এ ঘটনায় জিয়ারুল ইসলাম (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় চুরির ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চার মাস বয়সী ছেলে মাহিন ইসলাম অনাসকে নিয়ে বাবার বাড়ি উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে বেড়াতে যান শিশুটির মা মনিরা বেগম। রোববার রাতে প্রতিদিনের মতো ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে ঘুম ভেঙে দেখেন, পাশে শিশু নেই।
পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখতে পান, বাঁশের বেড়া কেটে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে। আশপাশের এলাকায় খোঁজ করেও শিশুটির সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে শিশুটির মা থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পার্বতীপুর মডেল থানা পুলিশ। একপর্যায়ে শিশুটির মামা জিয়ারুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক পিন্টু কুমার দাস জানান, জিজ্ঞাসাবাদে জিয়ারুল শিশুটিকে দিনাজপুর সদর উপজেলার নিউটাউন মাথাসাগর এলাকার মিলন নামে এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে শিশুটি কেনার অভিযোগে অভিযুক্ত মিলনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদকের টাকা জোগাড়ের জন্য জিয়ারুল শিশুটিকে চুরি করে বিক্রি করেছিলেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ক্রয়কারী মিলনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬