|
প্রিন্টের সময়কালঃ ১৬ মার্চ ২০২৬ ০৭:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০৫:০৯ পূর্বাহ্ণ

মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা: শপিং কমপ্লেক্স ঘেরাও ও ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া


মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা: শপিং কমপ্লেক্স ঘেরাও ও ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:

 

 

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরা এলাকায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ওই ভবনের এক নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে—এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত রিকশাচালক ও স্থানীয়রা ভবনের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে এবং ভবনে ভাঙচুর চালায়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ভোর পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, একজন নিখোঁজ থাকার কথা শোনা গেলেও এখনো তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেউ নিহত হয়েছেন কি না, তাও নিশ্চিত নয়। বিষয়টি জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি। ঘটনাস্থলে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬