|
প্রিন্টের সময়কালঃ ১৪ মে ২০২৬ ০৪:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মে ২০২৬ ০১:৪৩ অপরাহ্ণ

অনিয়মের অভিযোগে সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত


অনিয়মের অভিযোগে সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত


জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী সাময়িকভাবে তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। বুধবার (১৩ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রকাশনাটির অংশীদার কাজী শাহনূর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত ও অডিট কার্যক্রম পরিচালনার স্বার্থে আপাতত সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে পাঠক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সাময়িক এ সিদ্ধান্তের বিষয়ে অবগত থাকার অনুরোধ জানানো হয়। তবে কার্যক্রম কত দিন বন্ধ থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

 

বাংলাদেশের প্রকাশনা জগতে সেবা প্রকাশনী দীর্ঘদিনের পরিচিত নাম। কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালে ঢাকায় প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বিশেষ করে তিন গোয়েন্দা, মাসুদ রানা ও কুয়াশা সিরিজের মাধ্যমে দেশের কিশোর ও তরুণ পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় প্রকাশনীটি।

 

অ্যাডভেঞ্চার, গোয়েন্দা কাহিনি, থ্রিলার ও অনুবাদ সাহিত্য প্রকাশের মাধ্যমে কয়েক দশক ধরে বাংলা জনপ্রিয় সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক এ ঘোষণা ঘিরে পাঠকমহল ও বইপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬