|
প্রিন্টের সময়কালঃ ১৪ আগu ২০২৬ ০৭:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ

আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল


আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

 

সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

 

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের কিছু সময় আগে, রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। সেখানে লিখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

 

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন।

 

এরপর হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

 

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন যুবদল নেতা ও মিরপুরের ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে।

 

গ্রেফতারের পর এ মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬