পড়াশোনার মাঝপথেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি, প্রতিষ্ঠান পরিবর্তন ও মাইগ্রেশন স্থগিত করা হয়েছে।
পিএমডিসির এ সিদ্ধান্তে পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা কয়েক বছর ধরে এমবিবিএস বা ডেন্টাল শিক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছেন, তাদের ডিগ্রি শেষ করার আগেই পাকিস্তান ছাড়তে হতে পারে।
গত ১ সেপ্টেম্বর পাকিস্তানের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো এক চিঠিতে পিএমডিসি জানায়, পাকিস্তানে আগে থেকে ভর্তি থাকা আফগান নাগরিকদের আফগানিস্তানে ফিরে যেতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া এবং শিক্ষার্থীদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
একই সঙ্গে পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য পিএমডিসির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন, তাদের স্নাতক হওয়ার তথ্য এবং পাকিস্তান ছাড়ার বিষয়টিও নথিভুক্ত করে নিশ্চিত করতে বলা হয়েছে।
মাঝপথে থেমে যেতে পারে পড়াশোনা
পিএমডিসির সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে শুরু করেছে। লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল ইউনিভার্সিটিতে (কেইএমইউ) ২২ জন আফগান নাগরিক এ নির্দেশের আওতায় পড়েছেন। তাদের মধ্যে ২০ জন এমবিবিএসের শিক্ষার্থী। তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ বর্ষে অধ্যয়ন করছেন। ছয়জন রয়েছেন শেষ বর্ষে। বাকি দুজন সম্প্রতি তাদের পড়াশোনা শেষ করেছেন।
এ অবস্থায় কয়েক বছর ধরে পাকিস্তানে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করা শিক্ষার্থীদের একটি অংশ ডিগ্রি সম্পন্ন করার আগেই দেশে ফিরতে বাধ্য হতে পারেন। এতে তাদের দীর্ঘদিনের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পেশাগত পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর আগে চলতি মাসেই আফগানিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি পাকিস্তানে নিবন্ধন, লাইসেন্স বা পেশাগত কাজে গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় পিএমডিসি। সংস্থাটির ভাষ্য, আফগানিস্তানের মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত নয়।
ফলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরতদের দেশে ফেরার নির্দেশ এবং আফগানিস্তানের মেডিকেল ডিগ্রির স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত—সব মিলিয়ে পাকিস্তানে চিকিৎসাশিক্ষায় থাকা আফগান নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দুই দেশের সম্পর্কে বাড়ছে টানাপোড়েন
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
দুই দেশের সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির ঘটনাও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর প্রভাব পাকিস্তানে বসবাসরত আফগান নাগরিকদের জীবনযাপন, শিক্ষা ও কর্মসংস্থানের ওপরও পড়ছে।
তবে আফগান মেডিকেল শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়ার সুনির্দিষ্ট কারণ পিএমডিসি প্রকাশ করেনি। সংস্থাটির চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত নির্দেশনা ও জাতীয় নীতিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
সূত্র: আরব নিউজ
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬