|
প্রিন্টের সময়কালঃ ১৫ আগu ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ আগu ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ণ

মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’


মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় ‘অভিযোগ বক্স’


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

মাদক ব্যবসা, সেবন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ। মাদকসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে থানার সামনে স্থাপন করা হয়েছে ‘অভিযোগ বক্স’। পরিচয় প্রকাশের ঝুঁকি ছাড়াই মাদক সংশ্লিষ্টদের তথ্য জানানোর সুযোগ থাকায় পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।


শনিবার (১৫ আগস্ট) মুরাদনগর থানা ভবনের সামনে অভিযোগ বক্সটি স্থাপন করা হয়। পুলিশ জানিয়েছে, যে কোনো ব্যক্তি নিজের নাম-পরিচয় প্রকাশ না করেই মাদক ব্যবসায়ী, মাদকসেবী কিংবা মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে লিখিত তথ্য এ বক্সে জমা দিতে পারবেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।


এদিকে আগামী ১৬ আগস্ট থেকে কুমিল্লা জেলার অন্যান্য থানার মতো মুরাদনগর থানাতেও শুরু হচ্ছে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান। এসব কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।


মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদক ব্যবসায়ী, মাদক সেবন বা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এ অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। তথ্যদাতাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”


তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে মাদকমুক্ত মুরাদনগর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।” মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


মুরাদনগর থানার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, পরিচয় গোপন রাখার নিশ্চয়তা থাকলে সাধারণ মানুষ আরও নির্ভয়ে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে পারবেন। এতে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর হবে। পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়লে মাদক নির্মূলেও ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করছেন তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬