আলেম-ওলামার ওপর নির্যাতনকারীদের এ দেশের মানুষ আর মেনে নেবে না: ধর্ম প্রতিমন্ত্রী
আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:
দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন এবং আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তুলে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, অতীতে যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, সেই ফ্যাসিস্ট-মাফিয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে এ দেশের মানুষ তাদের কোনো অপতৎপরতা মেনে নেবে না।
তিনি বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তির ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিহত করবে। প্রয়োজনে আলেম-ওলামা, শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দাড়ি-টুপি দেখলেই যাদের জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করা হতো, সেই অপশক্তি আজ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তারা আবারও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। অতীতে যেভাবে দেশের সাধারণ মানুষ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, ভবিষ্যতেও একইভাবে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে।
পটিয়া মাদরাসার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মোহাম্মদ শামীম কায়সার বলেন, প্রায় ৮৮ বছরের ঐতিহ্য ধারণ করা এ প্রতিষ্ঠান শুধু একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে এ মাদরাসার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তিনি এ মাদরাসায় অবস্থান করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এ মাদরাসায় বোমা হামলার ঘটনা ঘটে এবং এতে প্রাণহানির ইতিহাস রয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনেও পটিয়া মাদরাসার সংশ্লিষ্টতা ছিল। ওই সময় মাদরাসার সঙ্গে সম্পৃক্ত অনেককে নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও এ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ আন্দোলনে অনেকে চোখ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক এ প্রতিষ্ঠানের ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। আলেম-ওলামাদের সান্নিধ্যে দ্বীনি নসিহত গ্রহণ এবং মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায়ের সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন।
সরকারের পক্ষ থেকে সম্মেলনে অংশগ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন ও দেশকে সংকট থেকে উত্তরণের লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী দ্রুতগতিতে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সবার সহযোগিতা পেলে সরকার দেশের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬