৬টি আপীল ও কর অফিসের কার্যক্রম শুরুর অনুমোদন দিল রাজস্ব বোর্ড
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠনের অংশ হিসেবে নতুন করে ৬টি কর ও আপীল অঞ্চলের কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (কর-২ শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনবিআরের আয়কর অনুবিভাগের আওতায় পূর্বে মঞ্জুরীকৃত নতুন ২৮টি অফিসের মধ্যে ৩য় পর্যায়ে বাস্তবায়নের জন্য নিম্নলিখিত ৬টি অফিসের কার্যক্রম শুরু ও বাস্তবায়নের অনুমোদন দেওয়া হলো:
১. কর আপীল অঞ্চল-৫, ঢাকা
২. কর আপীল অঞ্চল-৬, ঢাকা
৩. কর আপীল অঞ্চল-২, চট্টগ্রাম
৪. কর আপীল অঞ্চল-রংপুর
৫. কর অঞ্চল-পাবনা
৬. আন্তর্জাতিক কর ইউনিট, ঢাকা
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ নভেম্বর জারিকৃত এক সরকারি আদেশমূলে আয়কর অনুবিভাগের পুনর্গঠন ও সম্প্রসারণের মাধ্যমে অতিরিক্ত ২০টি কর অঞ্চল, ৪টি কর আপীল অঞ্চল ও ৪টি বিশেষায়িত অফিসসহ মোট ২৮টি নতুন অফিস সৃষ্টি করা হয়েছিল। পাশাপাশি ৬৫৭টি ক্যাডার পদ এবং ৩,৯৪৩টি নন-ক্যাডার পদ সৃজনের প্রশাসনিক মঞ্জুরী প্রদান করা হয়। জনস্বার্থে জারিকৃত এই নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬