আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সরকারের অবস্থানকে সম্মান জানিয়েছে আইএমএফ: অর্থমন্ত্রী
ঢাকা প্রেস প্রতিবেদক
সরকারের আর্থিক সংস্কার কার্যক্রম এবং রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের জন্য সম্ভাব্য নতুন কর্মসূচির ভিত্তি, বাস্তবায়নের ধাপ (সিকোয়েন্সিং) এবং সামগ্রিক নীতিগত বিষয় নিয়ে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সোমবার সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, সে বিষয়ে সরকার আইএমএফকে স্পষ্ট ধারণা দিয়েছে। প্রস্তাবিত নীতিগত ভিত্তির সঙ্গে আইএমএফ একমত হয়েছে। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাতারাতি বড় ধরনের পরিবর্তনের পরিবর্তে পরিকল্পিত ও ক্রমান্বয়িক সংস্কারের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে, যা আইএমএফও সমর্থন করেছে।
অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতির প্রয়োজন অনুযায়ী কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, সেই অগ্রাধিকারের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক দায়িত্বকে আইএমএফ সম্মান জানিয়েছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের চার মাসের সময়ে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে উল্লেখযোগ্য কর আদায়কে একটি বড় সাফল্য হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি। একই সঙ্গে কর-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের বিভিন্ন প্রস্তাব নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
ভর্তুকি বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ পর্যায়ে কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে মূলত নতুন কর্মসূচির নীতিগত ভিত্তি নির্ধারণের বিষয়েই আলোচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আইএমএফের সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে আরও আলোচনা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই অগ্রগতির ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬