|
প্রিন্টের সময়কালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৬:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ

চাঁনখালী খালে পানির নিচে লোহার ফাঁদ, ডুবে গেল দুই ব্যবসায়ীর ৩২শ মণ লবণ


চাঁনখালী খালে পানির নিচে লোহার ফাঁদ, ডুবে গেল দুই ব্যবসায়ীর ৩২শ মণ লবণ


বোটসহ ৪২ লাখ টাকার ক্ষতি, ক্ষতিপূরণ ও এমপি এনামের হস্তক্ষেপ কামনা
 

আবদুল হাকিম রানা, পটিয়া:

 

চট্টগ্রামের পটিয়ার চাঁনখালী খাল যেন লবণ ব্যবসায়ীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। নাইখাইন সেতু নির্মাণকাজে ব্যবহৃত লোহার রড, পাইলিংয়ের অংশ ও পাটাতন খালের তলদেশ থেকে অপসারণ না করায় একের পর এক নৌদুর্ঘটনা ঘটছে। এবার পানির নিচে লুকিয়ে থাকা লোহার প্রতিবন্ধকে আটকে উল্টে গেছে লবণবোঝাই দুটি নৌবোট। এতে মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে গেছে ৩ হাজার ২০০ মণ অপরিশোধিত লবণ। বোটসহ দুই ব্যবসায়ীর মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ টাকা বলে দাবি করেছেন তাঁরা।
 

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পটিয়ার নাইখাইন সেতু এলাকায় চাঁনখালী খালে এ দুর্ঘটনা ঘটে। এতে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার দুই লবণ ব্যবসায়ী আবদুস শুক্কুর ও নুরুল আবছার মনু মাঝি সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। দীর্ঘদিনের ব্যবসার পুঁজি ও জীবিকার একমাত্র অবলম্বন চোখের সামনে পানিতে তলিয়ে যাওয়ায় তাঁরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুস শুক্কুরের নৌবোটে ছিল ১ হাজার ২০০ মণ অপরিশোধিত লবণ। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা। এ ছাড়া তাঁর বোটের মূল্য প্রায় ১০ লাখ টাকা। অন্যদিকে নুরুল আবছার মনু মাঝির বোটে ছিল ২ হাজার মণ লবণ। বোটসহ তাঁর মোট ক্ষতির পরিমাণ প্রায় ২২ লাখ টাকা। সব মিলিয়ে দুই ব্যবসায়ীর লবণ ও নৌবোটের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ লাখ টাকা।
 

ব্যবসায়ীদের অভিযোগ, নাইখাইন সেতু নির্মাণের সময় ব্যবহৃত অসংখ্য লোহার রড, পাইলিংয়ের অংশ ও পাটাতন নির্মাণকাজ শেষ হওয়ার পরও খালের তলদেশ থেকে পুরোপুরি অপসারণ করা হয়নি। পানির নিচে পড়ে থাকা এসব নির্মাণসামগ্রী নৌযান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ফলে পণ্যবাহী নৌবোট চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁদের প্রশ্ন, সেতু নির্মাণ মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করার জন্য, নাকি খালের বুকজুড়ে নতুন বিপদ সৃষ্টির জন্য?
 

দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশনার পর গতকাল যুবদল নেতা মামুনসহ কয়েকজন যুবক খালে নেমে পানির নিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা খালের তলদেশে এখনো অসংখ্য লোহার রড ও নির্মাণসামগ্রীর অংশ পড়ে থাকতে দেখেন বলে জানা গেছে। এতে ব্যবসায়ীদের অভিযোগের বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। দ্রুত এসব প্রতিবন্ধকতা অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
 

এদিকে এ দুর্ঘটনা শুধু দুই ব্যবসায়ীর ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়তে পারে পটিয়ার বৃহৎ ইন্দ্রপোল লবণশিল্পাঞ্চলেও। ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক ফজলুল হক ও যুগ্ম সম্পাদক ওহিদুচ ছমদ হেলাল বলেন, চাঁনখালী খালে বারবার নৌবোট ডুবির ঘটনায় লবণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে অপরিশোধিত লবণ পরিবহনে নৌযান মালিক ও ব্যবসায়ীরা এখন আগ্রহ হারাচ্ছেন।
 

তাঁরা আরও বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে ইন্দ্রপোলের অর্ধশতাধিক লবণ মিলের কাঁচামাল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে অনেক মিল বন্ধ হওয়ার উপক্রম হতে পারে। লবণশিল্পের সঙ্গে অসংখ্য শ্রমিক, ব্যবসায়ী, পরিবহনকর্মী ও সাধারণ মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো শিল্পাঞ্চল অর্থনৈতিক সংকটে পড়তে পারে।
 

সমিতির নেতারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি খালের তলদেশে পড়ে থাকা সব ধরনের লোহার প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের দাবি জানান।
 

অন্যদিকে ইন্দ্রপোল লবণ আড়তদার সমিতির সভাপতি মুহাম্মদ সিরাজ, সাধারণ সম্পাদক মুহাম্মদ এনাম, অর্থ সম্পাদক নাছির বাবুল ও সিনিয়র উপদেষ্টা বাবুল হক এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, বারবার এ ধরনের দুর্ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে পথে বসছেন। ব্যবসায়ী ও পণ্য পরিবহনের নিরাপত্তায় চাঁনখালী খালের নৌপথ থেকে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
 

এ বিষয়ে সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিএলের এক প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি বলেন, পানির গভীরতা বেশি থাকায় এতদিন পানির নিচে থাকা কিছু লোহার রড ও নির্মাণসামগ্রী অপসারণ করা সম্ভব হয়নি। তবে এখন যত দ্রুত সম্ভব সেগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে।
 

এদিকে সর্বস্ব হারানো দুই ব্যবসায়ী আবদুস শুক্কুর ও নুরুল আবছার মনু মাঝি তাঁদের বোট ও লবণের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৪২ লাখ টাকা দাবি করেছেন। তাঁরা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘদিনের ব্যবসা ও জীবিকার সম্বল হারিয়ে তাঁরা এখন অসহায়। এই বিপুল ক্ষতি কাটিয়ে ওঠা তাঁদের একার পক্ষে সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
 

সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একটি সেতু নির্মাণের সুফল যেন খালের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
 

তাঁদের মতে, চাঁনখালী খালের নৌপথ সচল রাখতে পানির নিচে থাকা সব লোহার রড, পাটাতন ও নির্মাণসামগ্রী দ্রুত অপসারণ, খালের তলদেশ যথাযথভাবে পরীক্ষা এবং নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর ক্ষতিপূরণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। অন্যথায় চাঁনখালী খালের এই লুকানো লোহার ফাঁদে আরও ব্যবসায়ীকে সর্বস্ব হারাতে হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬