|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে পূর্ব বিরোধের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৩; থানায় মামলা


সীতাকুণ্ডে পূর্ব বিরোধের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৩; থানায় মামলা


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা শেষে রোববার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় ঘরের চালা থেকে বৃষ্টির পানি পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
 

অভিযোগে বলা হয়, বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা একটি গাছের ডাল কেটে আনতে গেলে প্রতিপক্ষের লোকজন রোকসানা বেগমের মেয়ে সানজিদা আক্তারের ওপর হামলা চালায়। মেয়েকে রক্ষা করতে গেলে রোকসানা বেগমকেও মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে আঘাত করে মা ও মেয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
 

এ সময় রোকসানা বেগমের ছেলে তসিফ তাদের উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে তসিফের কানে কামড় দিয়ে গুরুতর জখম করা হয়।
 

তিনজনের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
 

চিকিৎসা শেষে রোববার দুপুরে বাড়ি ফিরে আহত রোকসানা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
 

বাদী রোকসানা বেগম দাবি করেন, অভিযুক্তদের অব্যাহত প্রাণনাশের হুমকির কারণে তারা বর্তমানে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬