পটিয়ায় বিশ্ব হাতি দিবস পালিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পটিয়া বন রেঞ্জের উদ্যোগে উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদার।
এ সময় বক্তব্য দেন বিট কর্মকর্তা মো. আলী, জিন্নাতুর রহমান, শিক্ষক আবদুল মান্নানসহ অন্যরা।
বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড়ের কারণে হাতির আবাসস্থল সংকুচিত হচ্ছে। ফলে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতি প্রায়ই লোকালয়ে চলে আসছে। এতে মানুষ ও হাতির মধ্যে সংঘাত বাড়ছে। হাতির আবাসস্থল রক্ষা ও বন উজাড় বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বন্য প্রাণীর হামলায় কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হলে সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। এ ধরনের কোনো ঘটনা বা তথ্য থাকলে দ্রুত বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে বিশ্ব হাতি দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬