|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৬ অপরাহ্ণ

কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী, আনন্দে মুখর জনপদ


কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী, আনন্দে মুখর জনপদ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন পূর্ণমন্ত্রী দায়িত্ব পাওয়ায় জেলায় আনন্দের আবহ বিরাজ করছে। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সাধারণ মানুষ।
 

মনোনয়ন বঞ্চিত হলেও দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন হাজী আমিন উর রশীদ ইয়াছিন। ধানের শীষ প্রতীক না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে প্রত্যাহার করেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করে ছয়টি আসনে দলের কোন্দল নিরসন ও নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
 

সবশেষে বিএনপি সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান আমিন উর রশীদ ইয়াছিন। তাকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
 

এদিকে, কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন-কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন।
 

অন্যদিকে, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-কে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ছয়বারের নির্বাচিত এই সংসদ সদস্য প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
 

কুমিল্লা জেলা থেকে একসঙ্গে তিনজন পূর্ণমন্ত্রী দায়িত্ব পাওয়ায় জেলাজুড়ে খুশির আমেজ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ এই অর্জনকে কুমিল্লাবাসীর জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানাচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬