|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি


রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি


চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রমজানে মক্কায় মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সুরক্ষাকে সামনে রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে মসজিদুল হারাম-এর কেন্দ্রীয় এলাকায় চাপ বেশি থাকে। তাই নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

মসজিদের প্রবেশপথগুলোতে ডিজিটাল সংকেত চালু করা হয়েছে। সবুজ সংকেত খালি জায়গা বোঝাবে, আর লাল সংকেত পূর্ণতা নির্দেশ করবে। যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর বদলে বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল এবং অনুমোদনহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

 

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

 

সূত্র : খালিজ টাইমস


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬