|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ০১:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ণ

তেল মজুদ থাকলেও রেশনিং করে চলতে হবে: জ্বালানি মন্ত্রী


তেল মজুদ থাকলেও রেশনিং করে চলতে হবে: জ্বালানি মন্ত্রী


দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও রেশনিং করে চলতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।

 

জ্বালানি মন্ত্রী বলেন, ‘সব একেবারে না খেয়ে, চলার মতো ব্যবস্থা করে যদি একবার চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। আমাদের তেল মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘অলরেডি আজ বেলা ১১টায় একটা জাহাজ নোঙর করেছে। আরেকটা জাহাজও নোঙর করার কথা। জাহাজগুলো থেকে তেল ডেলিভারি করার পরে আমার মজুদ আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই না যে, আমরা যত ইচ্ছে তত ব্যবহার করব। রেশনিং পদ্ধতি আমরা চালিয়ে যাব।’

 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা একটা ভঙ্গুর এবং ঋণে জর্জরিত একটি বাংলাদেশ পেয়েছি। আমরা এমন এক সময়ে এসে সরকার গঠন করেছি, তার কয়েকদিন পরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। জ্বালানির উৎপত্তিস্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এখন প্রতিদিন আমাকে জবাবদিহি করতে হয়।’

 

মন্ত্রী বলেন, ‘পেট্রোল পাম্পের পাশে বিশাল লাইন দেখা যায়। আমরা বলেছি, যেহেতু যুদ্ধ লেগেছে এবং যুদ্ধকালীন অবস্থার মধ্যে বসবাস করছি, যেখান থেকে পেট্রোলিয়াম আসে, সেখানে যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ কতদিন চলবে জানি না। তবে, আমার কাছে যে মজুত আছে, সেটা সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। আমরা রেশনিং শুরু করেছি।’

 

তিনি বলেন, ‘সাহরি ও তারাবির সময় কোনো লোডশেডিং হবে না। মাত্র ২০ দিন হয়েছে আমরা ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছি এবং ৭৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো রেখেছি। ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। এর জন্য আমরা জনগণের সহযোগিতা চাই।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬