|
প্রিন্টের সময়কালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১২ অপরাহ্ণ

নাহিদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ


নাহিদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ


দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
 

বিচারপতি ফাতেমা নজিবুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
 

রিট আবেদনে বলা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দেশ ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। দ্বৈত নাগরিকত্ব থাকা অবস্থায় তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন—এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন জানানো হয়েছে।
 

এর আগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ ইসলাম। ওই আবেদন খারিজ হলে তিনি আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন।
 

ঢাকা-১১ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. নাহিদ ইসলাম। এ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
 

এই আসনে নাহিদ ইসলাম ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন—বিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির (জাপা) শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬