|
প্রিন্টের সময়কালঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০ অপরাহ্ণ

বাড়বকুণ্ড বিএনপির জনসভা-স্বাধীনতার বিরোধীদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না: আসলাম চৌধুরী


বাড়বকুণ্ড বিএনপির জনসভা-স্বাধীনতার বিরোধীদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না: আসলাম চৌধুরী


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:


 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশকে কখনোই স্বাধীনতার বিরোধীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। স্বাধীনতা রক্ষা করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের প্রতিহত করতে হবে।

 


 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে বাড়বকুণ্ড বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


 

লায়ন আসলাম চৌধুরী বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতাবিরোধী শক্তির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তারা এখনো অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি দাবি করেন, জুলাই যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেক যোদ্ধাকে তিনি ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেছেন এবং আগামী ১০ তারিখ থেকে সেই চেকের টাকা উত্তোলন করা যাবে। এ নিয়েই একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।
 

জেলা কৃষক দলের আহ্বায়ক ও বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদরুল আলম বদরুলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ চৌধুরী, জেলা বিএনপি নেতা জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন, সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, বিএনপি নেতা সুজায়েত চৌধুরী, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রাসেল, প্রবীণ বিএনপি নেতা আবুল বশর ভূঁইয়া, হারুন ভূঁইয়া, কাজী মো. ইসহাক, যুবদল সেক্রেটারি মো. সাহাবুদ্দিন রাজু, যুবদল নেতা একরামুল হক, সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

জনসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬